শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
ওএমএস চাল

৩০ টাকা কেজিতে আজ থেকে চাল বিক্রি শুরু, কারা পাবেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ১০:২৩ এএম

৩০ টাকা কেজিতে আজ থেকে চাল বিক্রি শুরু, কারা পাবেন

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস বা ওপেন মার্কেট সেল কর্মসূচি চালু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি মাত্র ৩০ টাকা দরে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন একজন শ্রমিক।

আজ শুক্রবার থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। খাদ্য ব্যয় কমানো এবং পোশাক শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় সুনির্দিষ্ট ট্রাকে করে চাল বিক্রি করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ট্রাকে চাল বিক্রি করা হবে। তবে চালের পর্যাপ্ত মজুত থাকা সাপেক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই কর্মসূচির আওতায় চাল কিনতে হলে শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের অফিশিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমেই কেবল চাল বিক্রি সম্পন্ন করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন কঠোরভাবে নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।