নভেম্বর ১৩, ২০২৬, ১০:১৮ এএম
দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।
এই প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। নির্বাচনের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজি ভাষায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে। আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।
প্রশিক্ষণে অংশ নিতে কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন