আগস্ট ২৮, ২০২৬, ০২:৪৭ পিএম
দেশের সীমান্তবর্তী এলাকার বেকার যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। এর ধারাবাহিকতায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে চার সপ্তাহব্যাপী হাঁস-মুরগি পালনের ওপর একটি বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার পাঁচবিবি বিশেষ ক্যাম্পের আয়োজনে স্থানীয় একটি বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দশজন যুবকের হাতে সনদপত্র তুলে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল ফয়সল হাসান খান। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন, দেশের যুবসমাজকে মাদক ও বেকারত্বের অভিশাপ থেকে দূরে রাখতে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। সীমান্তবর্তী এলাকার তরুণরা যাতে নিজ উদ্যোগে আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারে, সেজন্য বিজিবির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
দীর্ঘ চার সপ্তাহের এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবকদের আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন, টিকাদান এবং খামার ব্যবস্থাপনার ওপর ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। স্থানীয় সচেতন মহল বিজিবির এই জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন