অক্টোবর ৩১, ২০২৬, ০৪:১৬ পিএম
দিনাজপুরের বিরলে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি সারা দেশে একযোগে জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর আয়োজন করে।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন কেন্দ্র সভাপতি মো. শাহরিয়ার কায়ছার, সচিব মো. আজমীর হোসাইন, হল সুপার মো. নাজমুল ইসলাম এবং কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন।
পরীক্ষাকেন্দ্রে উপস্থিত ছিলেন বিরল প্রেস ক্লাবের সভাপতি মো. আতিউর রহমান। এছাড়া স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কেন্দ্র পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং মানসম্মত শিক্ষার গুরুত্ব তুলে ধরে পরিদর্শনকারীরা অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, এ ধরনের মেধাভিত্তিক মূল্যায়ন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি গভীর আগ্রহ, আত্মবিশ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে।
মানসম্মত শিক্ষা ও নৈতিক গুণসম্পন্ন একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এই ধারাবাহিক আয়োজন।
পরিদর্শনকালে বক্তারা আরও উল্লেখ করেন, প্রতি বছর এই পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে উদ্যোগটির ওপর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা কতটা সুদৃঢ় হয়েছে।
পরীক্ষার সুষ্ঠু আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন