শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

রংপুর বিভাগে এইচএসসিতে অর্ধেকের বেশি ফেল, পাসশূন্য কলেজ ৪৯টি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১২:৪৪ পিএম

রংপুর বিভাগে এইচএসসিতে অর্ধেকের বেশি ফেল, পাসশূন্য কলেজ ৪৯টি

রংপুর বিভাগে এইচএসসির ফল বিপর্যয়ের মুখে পড়েছে, যেখানে অর্ধেকের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, পুরো বোর্ডে সর্বোচ্চ মেধার স্বীকৃতি অর্থাৎ জিপিএ পাঁচ অর্জন করেছে মোট ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রদের সংখ্যা ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রীদের সংখ্যা ১ হাজার ৫৭০ জন। ফলে সর্বোচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে ছাত্রদের তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন।

এরপর কেন্দ্রীয়ভাবে দেশের শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এ ফল উন্মুক্ত করা হয়।

রংপুর বিভাগের আটটি জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় ৬৬৮টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এসব কলেজ থেকে পরীক্ষার জন্য মোট রেজিস্ট্রেশন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৪৯১ জন শিক্ষার্থী। তবে চূড়ান্তভাবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী।

এবারের ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়নে বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

অন্যদিকে শতভাগ পাস করেছে এমন কলেজের সংখ্যা নেমে এসেছে মাত্র ৬টিতে।