শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১১:১৩ এএম

জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে দেশজুড়ে। চলতি ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের এই পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল বা জিপিএ পাঁচ অর্জন করেছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল উন্মুক্ত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সব মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় এবার ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সারাদেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের উচ্চমাধ্যমিক মূল্যায়নে অংশ নেন।

এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়।

গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি একই দিনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেও পরীক্ষা অনুষ্ঠিত হয়।