অক্টোবর ৩১, ২০২৬, ১০:৫৮ এএম
এইচএসসির ফল প্রকাশ করা হয়েছে দেশজুড়ে। চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সার্বিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।
গত বছর এই পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে এই চিত্র উঠে এসেছে। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অর্থাৎ পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি ৫ লাখ ৯৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
সর্বোচ্চ গ্রেড পয়েন্ট বা জিপিএ পাঁচ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।
এবারের ফলাফলে উদ্বেগজনক তথ্য হিসেবে এসেছে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। সারাদেশে মোট ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
গত বছর এমন শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
আনুষ্ঠানিক ফল ঘোষণার পর শিক্ষার্থীরা অনলাইন ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে নিজেদের ফলাফল সংগ্রহ করতে পারছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন