শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা বোর্ডে পাসের হার আলিম ও সমমানে পাস ৬১ দশমিক ০৭ শতাংশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১১:০৬ এএম

মাদ্রাসা বোর্ডে পাসের হার আলিম ও সমমানে পাস ৬১ দশমিক ০৭ শতাংশ

ছবি: সংগৃহীত

আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে দেশজুড়ে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের আলিম পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৭ শতাংশ।

এ বছর মোট ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল অর্থাৎ জিপিএ পাঁচ অর্জন করেছে। পাসের হার এবং জিপিএ পাঁচ প্রাপ্তির সংখ্যা—উভয় ক্ষেত্রেই গত দুই বছরের তুলনায় এবার স্পষ্ট অবনতি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন।

এরপর শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে এ ফল উন্মুক্ত করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা ২৯ হাজার ২৬৯ জন এবং উত্তীর্ণ ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা পাসের হারে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ, যেখানে ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে।

তবে জিপিএ পাঁচ অর্জনের দিক থেকে ছাত্রদের সাফল্য বেশি দেখা গেছে।

এ বছর ২ হাজার ২৮ জন ছাত্র জিপিএ পাঁচ পেয়েছে, বিপরীতে ছাত্রীদের মধ্যে এই ফলাফল অর্জন করেছে ১ হাজার ২২২ জন। সব মিলিয়ে মাদ্রাসা বোর্ডে জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২৫০।

সারাদেশের ৪৬০টি পরীক্ষাকেন্দ্রে এ বছর আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় দেশের ২ হাজার ৭০৯টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী।

বিগত বছরগুলোর ফলাফলের সঙ্গে তুলনা করলে মাদ্রাসা বোর্ডের সার্বিক মানে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।

গত বছর অর্থাৎ ২০২৫ সালের আলিম পরীক্ষায় পাসের হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং ওই বছর জিপিএ পাঁচ পেয়েছিল ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।

এর আগের বছর ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং সেবার জিপিএ পাঁচ পেয়েছিল ৯ হাজার ৬১৩ জন। ফলে টানা দুই বছরের ব্যবধানে পাসের হার ও শীর্ষ ফলের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের পোর্টাল থেকে ফলাফল সংগ্রহ করতে পারছেন।

এছাড়া যেকোনো মুঠোফোন থেকে এসএমএস পাঠিয়েও ফলাফল দ্রুত জানা যাচ্ছে।

খুদে বার্তার মাধ্যমে ফল সংগ্রহ করতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে HSC, এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর Mad, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর ২০২৬ লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। উদাহরণ হিসেবে, কারও রোল নম্বর ১২৩৪৫৭ হলে লিখতে হবে HSC Mad 123457 2026 এবং তা পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।