নভেম্বর ১৩, ২০২৬, ০৯:৫৭ এএম
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। প্রবাসীদের পাঠানো অর্থের এই প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা স্বস্তি ফিরছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, কেবল ১১ নভেম্বর এক দিনেই দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
এর আগের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। এ হিসাবে তখন প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন