নভেম্বর ১৩, ২০২৬, ১২:০৯ এএম
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও পেমেন্ট প্রক্রিয়া সহজ, দ্রুত এবং নিরাপদ করতে রূপালী ব্যাংক পিএলসি-এর সঙ্গে চুক্তি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর ফলে শিক্ষার্থীরা এখন থেকে ঘরে বসেই রূপালী ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পরিশোধ করতে পারবেন। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই চুক্তি সম্পাদিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি-এর চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সাবিনা শারমীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এই চুক্তির ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করার পর পেমেন্টের মাধ্যম হিসেবে ‘রূপালীক্যাশ’ নির্বাচন করে খুব সহজেই ফি পরিশোধ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যবস্থার ফলে ডিজিটাল লেনদেনের পরিধি আরও সম্প্রসারিত হবে এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমে আসবে।
রূপালী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, রূপালীক্যাশের মাধ্যমে শিক্ষার্থীরা এখন থেকে শিক্ষা ফি পরিশোধের পাশাপাশি বিভিন্ন পরিষেবার বিল এবং ই-কমার্স কেনাকাটার মূল্যও পরিশোধ করতে পারছেন। এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শেখ গিয়াসুদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ আলী নূর এবং পরিচালক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) প্রফেসর মোস্তাফিজ আহমেদ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন