বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন জুবাইদা রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ১১:১০ পিএম

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করলেন জুবাইদা রহমান

তুরস্কে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধনে ডা. জুবাইদা রহমান।

তিন দিনের তুরস্ক সফরের শেষ দিনে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর তাঁর সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা এই জাদুঘরটির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন বা কপ৩১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাদুঘরটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, এই অনুষ্ঠানে অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও স্পাউসদের সঙ্গেও ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

জিরো ওয়েস্ট মিউজিয়ামে মূলত বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন আধুনিক পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে। প্লাস্টিকদূষণ কমানো, ব্যবহৃত সামগ্রীর সঠিক পুনর্ব্যবহার এবং সাধারণ মানুষকে পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে ২০১৭ সালে দেশটিতে জিরো ওয়েস্ট আন্দোলন শুরু হয়েছিল। বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিত করাই এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য।

কপ৩১ সম্মেলনে অংশ নিতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান ডা. জুবাইদা রহমান। তিন দিনের এই সফরকালে জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন তিনি।