বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক ফটোগ্রাফি পুরস্কারে গ্র্যান্ড প্রাইজ জিতলেন পিনু রহমান

বিনোদন ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৯:৫৭ পিএম

আন্তর্জাতিক ফটোগ্রাফি পুরস্কারে গ্র্যান্ড প্রাইজ জিতলেন পিনু রহমান

দুবাইয়ে হিপা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান।

শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের (হিপা) পঞ্চদশ আসরে গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দুই লাখ মার্কিন ডলার সমমূল্যের গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়েছেন তিনি। এটি এই প্রতিযোগিতায় দেশের জন্য প্রথম সর্বোচ্চ সম্মান অর্জন। গত ১০ নভেম্বর দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তোলা একটি মর্মস্পর্শী ছবির জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। আগুনে বস্তির দেড় হাজারের বেশি ঘর পুড়ে যাওয়ার পর অবশিষ্ট কংক্রিটের দেয়ালের মধ্যে একটি পরিবারের ঘুমানোর মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছিলেন তিনি। ধ্বংসস্তূপের পটভূমিতে তোলা এই ছবিটি চরম দুর্দশার মাঝেও পরিবারের অটুট বন্ধন ও মানুষের টিকে থাকার অদম্য লড়াইকে ফুটিয়ে তুলেছে। চলতি বছর এই প্রতিযোগিতার মূল থিম ছিল ‘পরিবার’ (ফ্যামিলি)।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে পিনু রহমান জানান, মানুষের গল্প বলতে তিনি সবসময় ভালোবাসেন। এত বড় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং এই পুরস্কার পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। পেশায় ব্যাংকার পিনু রহমান রাউফালী ব্যাংকের সাইবার সিকিউরিটি ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। পিরোজপুরের সন্তান পিনু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। আলোকচিত্রশিল্পে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি তার একটি বড় অর্জন। এর আগে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস এবং সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডসেও তিনি সাফল্য অর্জন করেছিলেন।

দুবাইয়ে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক আলোকচিত্র কমিউনিটির শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের আসরে বিভিন্ন বিভাগ ও বিশেষ পুরস্কার মিলিয়ে মোট ১০ লাখ ডলার পুরস্কার প্রদান করা হয়। হিপার সাধারণ সম্পাদক আলী খলিফা বিন দালিথ জানান, সংগঠনের পঞ্চদশ বার্ষিকীতে তাদের আলোকচিত্রের আর্কাইভ এক মিলিয়নেরও বেশি ছবিতে পৌঁছেছে, যা ২০০টি দেশের পাঁচ লাখেরও বেশি আলোকচিত্রীর অবদানে সমৃদ্ধ হয়েছে।

অনুষ্ঠানে গ্র্যান্ড প্রাইজ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘ফ্যামিলি’ বিভাগে আমিরাতের হামিদ ওবাইদ আল আলী প্রথম, সৌদি আরবের নাওয়াস আলোসাইমি দ্বিতীয় এবং ভারতের শুভজিৎ দত্ত তৃতীয় স্থান অর্জন করেন। এ ছাড়া ‘ড্রিমস থ্রু এআই’, ‘পোর্টফোলিও’, ‘স্পোর্টস ফটোগ্রাফি’ এবং ‘জেনারেল’ ক্যাটাগরিতে বিভিন্ন দেশের আলোকচিত্রীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি ভিজ্যুয়াল স্টোরি টেলিং ও আলোকচিত্রশিল্পে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজন বিশিষ্ট আলোকচিত্রীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।