নভেম্বর ১২, ২০২৬, ১০:২৪ এএম
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। উৎসবের সাজে তাঁর গলায় দেখা গিয়েছিল পবিত্র কোরআনের আয়াত লেখা ত্রিশ ক্যারেটের একটি পান্নার লকেট। আর সেই গয়না সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ধরন নিয়ে আপত্তি তুলেছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। এ ঘটনায় কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার এই নোটিশ পাঠানো হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়, এমনভাবে সেটি উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।
বিতর্কের সূত্রপাত কারিনার দীপাবলির সাজের ছবি প্রকাশের পর। ছবিতে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও একই রঙের পাগড়ি পরেছিলেন অভিনেত্রী। তাঁর গলায় ছিল পান্নার একটি বিশেষ লকেট, যাতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত, আয়াতুল কুরসি।
কারিনার এই সাজের স্টাইলিং করেছিলেন রিয়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে গয়নাটিকে ভোপালের সাবেক নবাব পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদ বলে উল্লেখ করেন তিনি। রিয়া জানান, প্রায় দুইশো বছরের পুরোনো একটি রাজকীয় অলংকারের পাশাপাশি কারিনা পরেছিলেন ভোপালের বেগমের ত্রিশ ক্যারেটের পান্না, যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।
গয়নাটির সঙ্গে কারিনার পারিবারিক যোগসূত্রও রয়েছে। তাঁর স্বামী অভিনেতা সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তাঁর মাধ্যমেই গয়নাটি পতৌদি পরিবারের উত্তরাধিকার হিসেবে এসেছে বলে জানানো হয়েছে। তবে আব্বাস হাফিজের আপত্তি কারিনার পোশাক বা ব্যক্তিগত পছন্দ নিয়ে নয়। তাঁর দাবি, পবিত্র কোরআনের আয়াত লেখা গয়না প্রকাশের ক্ষেত্রে যথাযথ ধর্মীয় মর্যাদা ও সম্মান বজায় রাখা উচিত ছিল। তাঁর মতে, ছবিতে গয়নাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে কষ্ট ও উদ্বেগ তৈরি হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, কোরআনের আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়ে ইসলামি ধর্মীয় পণ্ডিতদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ কেউ এমন ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেন। আব্বাস হাফিজ স্পষ্ট করেছেন, তিনি ব্যক্তিগত সক্ষমতায় এই নোটিশ পাঠিয়েছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়। এখন দেখার বিষয়, এই বিতর্কে কারিনা ও রিয়া কাপুর কী প্রতিক্রিয়া জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন