নভেম্বর ১২, ২০২৬, ০৯:৫৭ এএম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এর আগে গত ১ নভেম্বর এই মামলার ফরমাল চার্জ গঠনের ওপর শুনানির দিন নির্ধারিত ছিল। তবে মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় সেদিন শুনানি পিছিয়ে দেওয়া হয়। আদালত শুনানির নতুন দিন হিসেবে আজকের দিনটি নির্ধারণ করেছিলেন।
এই মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে যারা কারাগারে আছেন, তাদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং আবদুল লতিফ সিদ্দিকী। এ ছাড়া আরও রয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।
অন্যদিকে, মামলায় শেখ হাসিনাসহ বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
পলাতক অন্যান্য আসামিদের মধ্যে আরও রয়েছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ ও বিপ্লব কুমার সরকারসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এর আগে গত ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ নিয়েও হদিস না পাওয়ার বিষয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট দাখিল করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে তারা আত্মসমর্পণ না করায় আসামিদের পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আজকের শুনানিতে ট্রাইব্যুনাল কী নির্দেশনা দেন, সেদিকে সবার নজর রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন