সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিনটি কারণ দেখাল এহসানুল মাহবুব জুবায়ের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৬:২৩ পিএম

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিনটি কারণ দেখাল এহসানুল মাহবুব জুবায়ের

ছবি: দিনাজপুর টিভি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপকে কর্মীদের সান্ত্বনা দেওয়া, নিজের দলীয় পদ বাঁচিয়ে রাখা এবং জনগণকে বিভ্রান্ত করার একটি অপকৌশল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সোমবার এক ভিডিও সাক্ষাৎকারে শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পেছনে তিনটি সম্ভাব্য কারণ উল্লেখ করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, প্রথমত, তিনি দেশে ফিরবেন বলে বক্তব্য দিচ্ছেন। এখন সেই বক্তব্যের সত্যতা দেখাতে একটি প্রক্রিয়া বা আবহ তৈরির চেষ্টা করছেন যে—আমি তো পাসপোর্ট চাচ্ছি, এনআইডি চাচ্ছি, আমি আইনের প্রতি অনুগত। এর মাধ্যমে তিনি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, হঠাৎ করে দলীয় নেতাকর্মীদের ফেলে তিনি ভারতে চলে গিয়েছেন। এখন তিনি যে দেশে ফেরার চেষ্টা করছেন, তার একটি দৃশ্যমান প্রক্রিয়া দেখিয়ে হতাশায় থাকা দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

তৃতীয় ও অন্যতম কারণ তুলে ধরে জামায়াত নেতা বলেন, তিনি যদি পরিষ্কারভাবে বলেন যে তিনি আর দেশে ফিরবেন না, তবে স্বাভাবিকভাবেই দলটিতে নতুন কাউকে সভাপতি বা নেতা বানাতে হবে। তাই আমি আছি, আমি ফিরে আসছি—এই বার্তাটি জিইয়ে রেখে তিনি আওয়ামী লীগে নিজের সভাপতি বা শীর্ষ পদটি অক্ষুণ্ন রাখার কৌশল নিয়েছেন।

শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরবেন না উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমার স্পষ্ট ধারণা—শেখ হাসিনা কখনোই নিজ থেকে আসবেন না। তাঁকে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে সরকারের করণীয় তুলে ধরে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এবং প্রয়োজনবোধে আন্তর্জাতিক আইনি সংস্থা, জাতিসংঘ ও ইন্টারপোলের সহায়তা নিয়ে যেকোনো মূল্যে তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।

সাক্ষাৎকারে শেখ হাসিনার অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দায়িত্বশীল পদে থেকেও অতীতে তিনি বহু বিভ্রান্তিকর ও অনৈতিক কর্মকাণ্ড করেছেন, যা রাজনৈতিকভাবে ছিল হাস্যকর। মানুষকে অস্থির রাখা এবং বিভ্রান্তি ছড়ানো তাঁর স্বভাবজাত রাজনৈতিক চরিত্রের অংশ।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও তৎপরতার পেছনে প্রশাসনের দুর্বলতা ও বিগত ষোলো বছরের দলীয় নিয়োগের প্রভাব রয়েছে বলে দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে জুবায়ের বলেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের প্রতি সুবিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দৃশ্যমান পদক্ষেপ সরকারকে নিশ্চিত করতে হবে।