নভেম্বর ৯, ২০২৬, ০৫:০৫ পিএম
আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় বিএনপি ও জামায়াত দলের দুই কর্মীকে আসামি করে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে পঞ্চগড়ে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকায় ভুক্তভোগীদের আয়োজনে হাড়িভাসা-সাহেব বাজার সড়কে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে অর্ধশতাধিক নারী, পুরুষ ও শিশুসহ ভুক্তভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্য নাহিদা আক্তার লাজু, সফিয়ার রহমান এবং ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, কিছুদিন আগে সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম ও ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানকে এগারো ও বারো নম্বর আসামি করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান তাদেরকে ওই মামলায় ফাঁসিয়েছেন বলে দাবি করেন তারা। এই মিথ্যা মামলায় তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন এবং অবিলম্বে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান বলেন, তাদের সাথে আমার জমি নিয়ে বিরোধ আছে তা সত্য। কিন্তু মামলাটি দায়ের করেছে পুলিশ, আমি করিনি। পুলিশ যাচাই-বাছাই করেই মামলা করেছে। আমি কেন তাদের ফাঁসাতে যাব এবং আমি বললেই কি পুলিশ শুনবে? সারাদেশে তো পুলিশ অভিযান চালাচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, এ বিষয়ে কয়েকদিন আগে একজন ফোন করেছিলেন এবং বিষয়টি নিয়ে পুলিশ সুপার মহোদয়ের সাথেও কথা হয়েছে। তারা যদি প্রকৃতপক্ষেই বিএনপি ও জামায়াতের কর্মী হয়ে থাকেন, তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম বলেন, যদি কোনো বিএনপি বা জামায়াত কর্মীর নাম মামলায় থেকে থাকে, তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। পাশাপাশি কাউকে কোনো ধরনের হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন