নভেম্বর ৯, ২০২৬, ০৪:০১ পিএম
প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, প্রবাসীদের কেবল রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার কোনো সুযোগ নেই। রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের শীর্ষ নেতারা এই দাবি তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রবাসীরা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের শ্রম ও ত্যাগের ওপর দেশের অর্থনীতির একটি বড় অংশ দাঁড়িয়ে থাকলেও বিদেশে যেতে গিয়ে তাদের নানা ধরনের প্রতারণা, ঋণের বোঝা ও হয়রানির মুখোমুখি হতে হয়। তিনি আরও বলেন, প্রবাসীদের কল্যাণ কেবল রেমিট্যান্সের হিসাব দিয়ে বিবেচনা করা যাবে না, বরং তাদের নিরাপদ অভিবাসন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে দলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী জানান, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হওয়া সত্ত্বেও শ্রমিকদের বিদেশযাত্রা এখনো দালালচক্র ও প্রশাসনিক জটিলতামুক্ত নয়। মালয়েশিয়ার শ্রমবাজারে সরকারি নির্ধারিত ব্যয়ের তুলনায় অতিরিক্ত অভিবাসন ব্যয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্ধারিত ব্যয় ৭৯ হাজার টাকার বেশি হলেও কর্মীদের পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এই শ্রমবাজারে কোনোভাবেই সীমিতসংখ্যক এজেন্সির সিন্ডিকেট প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না।
রাশিয়ায় কর্মসংস্থানের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, অ্যাসোসিয়েটেড প্রেসের (AP) অনুসন্ধানী প্রতিবেদনে বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে সামরিক কাজে যুক্ত করার যে অভিযোগ উঠে এসেছে তা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি চাকরির চুক্তি ও কাজের প্রকৃতি বাংলাদেশি কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে যাচাই করতে হবে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ভিসা পাওয়ার পরও বিএমইটি (BMET)-এর ছাড়পত্র পেতে কর্মীদের অযৌক্তিক প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের ভিসা আবেদনের জন্য বাংলাদেশিদের ভারতে যাতায়াতের ভোগান্তি কমাতে ভিসা ও বায়োমেট্রিক সেবা বাংলাদেশে সম্প্রসারণের জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের বয়সের অমিলের কারণে পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় পড়া প্রবাসীদের পুরনো ডিজিটাল পাসপোর্টের মেয়াদের ভিত্তিতে ই-পাসপোর্ট তৈরির বিশেষ সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি ৭ দফা দাবি পেশ করে এবি পার্টি। দাবির মধ্যে রয়েছে মালয়েশিয়াসহ সব শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধ করা, নিয়োগ ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা, রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ বাজারে কর্মসংস্থান যাচাই করা, ইউরোপে বৈধ চাকরি পাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র দ্রুত প্রদান এবং প্রবাসীদের আইনি সহায়তা ও ডিজিটাল অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা চালু করা।
প্রেস ব্রিফিংয়ে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা বলেন, নিরাপদ অভিবাসন ও প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন