নভেম্বর ৯, ২০২৬, ০৪:১৭ পিএম
জুলাই গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার মেজর অব হাফিজ উদ্দিন আহমদ এই মন্তব্য করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়।
এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে। গণতন্ত্র ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব উল্লেখ করে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক ও বহুমুখী। সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সুরক্ষা এই সংসদের প্রধান দায়িত্ব।
সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখতে আলোচনার ওপর জোর দিয়েছেন তিনি। স্পিকার জানান, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। সংসদের ভেতরে আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খুঁজতে হবে এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন