সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়টি সরকার যাচাই করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০১:৫৯ পিএম

হাসিনার পাসপোর্টের আবেদনের বিষয়টি সরকার যাচাই করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার খবর সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং আবেদন করার আইনগত অধিকার তাঁর আছে কি না—সবকিছুই গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও গণমাধ্যমে ও স্ক্রল নিউজে শুনেছি যে পলাতক দণ্ডিত আসামি হাসিনা তাঁর পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এই তথ্যের শতভাগ সত্যতা আমরা এখনো নিজ উৎস থেকে যাচাই করতে পারিনি। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে যৌথভাবে খোঁজখবর নিচ্ছে।

তিনি আরও বলেন, পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত প্রচলিত আইনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে আবেদনটির সমস্ত আইনগত দিক খতিয়ে দেখা হবে। আবেদনটি বিধি মোতাবেক করা হয়েছে কি না এবং তাঁর এ ধরনের আবেদন করার কোনো আইনগত অধিকার রয়েছে কি না, তা যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরবে।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এই মুহূর্তে এটুকু বলতে পারি যে, কোনো দণ্ডিত আসামি যে রাষ্ট্রে আশ্রয় নিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা দাপ্তরিক পত্র পাঠিয়েছি। যাতে তাঁকে দেশের প্রচলিত আইন অনুযায়ী দ্রুত প্রত্যর্পণ করা হয়। এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলা সমীচীন হবে না।