নভেম্বর ৯, ২০২৬, ১০:৪৭ এএম
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন অর্থাৎ কপ-৩১ আজ সোমবার তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হচ্ছে। ভূমধ্যসাগরীয় উপকূলের আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এই সম্মেলনে অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্ক সরকারের আমন্ত্রণে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পৃথক দুটি পর্বে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করারও কথা রয়েছে তাঁর।
এছাড়া সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক হতে পারে। এসব বৈঠকের সময়সূচি নিয়ে আজ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, এবার জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে অনুদানভিত্তিক পর্যাপ্ত অর্থায়ন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত বিশ্বের কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার দাবি জানাবে বাংলাদেশ।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ অঞ্চলের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ এবং স্থানীয় পরিচালিত অভিযোজনে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সহজলভ্য অনুদানের দাবি জানানো হবে। উষ্ণতা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার তাগিদ দিয়ে তিনি জানান, এক্ষেত্রে প্রধান কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। কৃষি, শিল্প ও জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিতের পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও যুবদের কর্মসংস্থান সুরক্ষা জোরদার করার আহ্বান জানানো হবে।
পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিশ্বের শীর্ষ নেতারা এবার একত্রিত হচ্ছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এবারের সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি ও অবস্থান অত্যন্ত গুরুত্ব বহন করছে।
তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন আজ সোমবার থেকে শুরু হয়ে আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধীন অনুষ্ঠিত কনফারেন্স অব দ্য পার্টিস সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।
জানা গেছে, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সকাল সাতটা পঁচিশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা রওনা হবেন। বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর কিছুক্ষণ ট্রানজিটে থাকবেন এবং পরে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।
এবার প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল। সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তুরস্ক যাবেন এবং আগামীকাল তাঁরা তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন