সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

বেরোবিতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৬, ০১:৪৯ পিএম

বেরোবিতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো শ্যামাপূজা ও দীপাবলি উৎসব

ছবি: দিনাজপুর টিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বা বেরোবিতে অমাবস্যার অন্ধকার দূর করে আলো ও কল্যাণের বার্তা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ও পূজামণ্ডপে প্রদীপ প্রজ্বালন, বর্ণিল আলোকসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা।

উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ও আশপাশের পুরো এলাকা বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও পূজা-অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিপুলসংখ্যক প্রদীপ প্রজ্বালন এবং আকাশে ফানুস ওড়ানো হয়। পুরো আয়োজনজুড়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পঞ্জিকা অনুযায়ী, গত রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে পরদিন সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে শেষ হয়। অমাবস্যার রাতে অনুষ্ঠিত শ্যামাপূজা কালীপূজা নামেও পরিচিত। একই তিথিতে অনেক ভক্ত লক্ষ্মীপূজাও পালন করে থাকেন।

হিন্দুধর্মীয় বিশ্বাসে দেবী শ্যামা শক্তি, সাহস ও অশুভ বিনাশের প্রতীক। অশুভ শক্তির বিনাশ এবং সত্য, শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয়ে এই পূজা উদযাপন করা হয়। অন্যদিকে দীপাবলি আলোর উৎসব হিসেবে পরিচিত। এ দিন সন্ধ্যায় বাড়ি, মন্দির ও বিভিন্ন স্থানে প্রদীপ জ্বালিয়ে চারপাশ আলোকিত করা হয়।

এ বিষয়ে বেরোবি সনাতন শিক্ষার্থী সংসদের দপ্তর সম্পাদক দীপাংকর জানান, তাঁরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পুরো আয়োজনটি সম্পন্ন করতে পেরেছেন। আজকের অনুষ্ঠানে খুব সুন্দর পরিবেশ ছিল। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা পূজা, আলোকসজ্জা ও দীপাবলির আয়োজন দারুণভাবে উপভোগ করেছেন। সব মিলিয়ে এটি তাঁদের জন্য একটি সুন্দর দিন ছিল।

সংসদের সাধারণ সম্পাদক শুভ কর্মকার জানান, এবারের আয়োজনটি বেশ সুন্দর ও গোছানোভাবে সম্পন্ন হয়েছে। প্রায় দেড় হাজার প্রদীপ প্রজ্বালন করার পাশাপাশি ফানুস ওড়ানো হয়েছে। অতীতের সব পাপ মোচন এবং সবার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আয়োজনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছে। সনাতন শিক্ষার্থী সংসদ আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছে এবং সবশেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, আজকের দীপাবলির আয়োজনটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে। এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থী সংসদের যেকোনো আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে।

শ্যামাপূজার অন্যতম অনুষঙ্গ হিসেবে সন্ধ্যায় বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রয়াত বাবা-মা ও আত্মীয়স্বজনদের স্মরণ করা হয়। এর মধ্য দিয়ে পূর্বপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অনেকে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।