নভেম্বর ৯, ২০২৬, ০২:২৫ পিএম
বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় সময় বাঁচাতে অনেকেই বাজার থেকে আগে থেকেই কেটে রাখা ফল কিংবা প্যাকেটজাত সবজি কিনে থাকেন। সালাদ তৈরি, ফলের প্লেট সাজানো কিংবা রান্নার প্রস্তুতি দ্রুত শেষ করতে এসব খাবার বেশ সুবিধাজনক মনে হতে পারে। তবে এই সুবিধার আড়ালেই লুকিয়ে থাকতে পারে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কিছু ফল ও সবজি আগে থেকে কেটে রাখলে তাতে খুব সহজেই ক্ষতিকর জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই এসব খাবার কাটা অবস্থায় না কিনে আস্ত কিনে বাড়িতে এনে ভালোমতো পরিষ্কার করে কেটে নেওয়া অনেক বেশি নিরাপদ।
মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্যপ্রযুক্তিবিষয়ক সংস্থা ইনস্টিটিউট অব ফুড টেকনোলজিস্টসের জ্যেষ্ঠ খাদ্যনিরাপত্তা ও ট্রেসেবিলিটি বিজ্ঞানী সারা মরিসের মতে, আস্ত ফল ও সবজির তুলনায় কাটা অবস্থায় বিক্রি হওয়া খাবারে সবসময়ই বাড়তি ঝুঁকি থাকে। কারণ ফল বা সবজি কাটার সময়, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের বিভিন্ন ধাপে সহজেই জীবাণু সংস্পর্শে আসতে পারে। বিশেষ করে বাজারে বহুল প্রচলিত চার ধরনের ফল ও সবজি কেনার ক্ষেত্রে ক্রেতাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রথমত, পাতাযুক্ত শাকসবজির মধ্যে লেটুস, পালংশাক কিংবা কেল অনেক সময় প্যাকেটজাত অবস্থায় সুপারশপ বা বাজারে পাওয়া যায়। প্যাকেটের গায়ে ‘থ্রিপল ওয়াশড’ বা তিনবার ধোয়া লেখা থাকলেও তা পুরোপুরি জীবাণুমুক্ত—এমনটা ভাবার কোনো কারণ নেই। এসব শাক একসঙ্গে বিপুল পরিমাণে পরিষ্কার ও প্রক্রিয়াজাত করার সময় একটি পাতায় থাকা জীবাণু সহজেই অন্য পাতাতেও ছড়িয়ে পড়ে। এছাড়া লেটুস বা অন্যান্য শাক ছোট ছোট টুকরো করে কাটার সময় এক অংশ থেকে অন্য অংশে ব্যাকটেরিয়া ছড়ানোর সুযোগ তৈরি হয়। তাই সম্ভব হলে গোটা লেটুস বা আঁটি শাক কিনে বাড়িতে এনে তা পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে তবেই কাটা উচিত।
দ্বিতীয়ত, বাঙ্গি বা ক্যান্টালুপের বাইরের খোসা জালের মতো খসখসে হওয়ায় এর ছোট ছোট খাঁজে ময়লা ও ব্যাকটেরিয়া আটকে থাকতে পারে। ফলটি কাটার সময় খোসায় লেগে থাকা জীবাণু ভেতরের নরম শাঁসে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ভেতরের আর্দ্র ও পুষ্টিকর পরিবেশে এসব জীবাণু খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। অতীতে প্যাকেটজাত কাটা ক্যান্টালুপ থেকে সালমোনেলা সংক্রমণের মতো ঘটনাও ঘটেছে। তাই ফলটি কাটার সময় আস্ত কিনে পরিষ্কার পানির নিচে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে ব্রাশ দিয়ে খোসার ময়লা পরিষ্কার করা যেতে পারে, তবে সাবান বা ব্লিচ ব্যবহারের কোনো প্রয়োজন নেই।
তৃতীয়ত, আস্ত টমেটো সাধারণত স্বাভাবিক তাপমাত্রায় বেশ কিছুদিন ভালো থাকে এবং এর পুষ্টিগুণ বজায় থাকে। কিন্তু একবার টমেটো কেটে ফেললে এর ভেতরের অংশ সরাসরি বাতাস ও বাইরের পরিবেশের সংস্পর্শে চলে আসে। ফলে সঠিকভাবে সংরক্ষণ না করলে এতে খুব দ্রুত ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, প্রয়োজনের মুহূর্তেই কেবল টমেটো কাটা উচিত এবং কেটে ফেললে তা দ্রুত ফ্রিজে সংরক্ষণ করতে হবে। বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টমেটো কাটার বিকল্প হিসেবে ছোট আকারের চেরি বা গ্রেপ টমেটো ব্যবহার করা যেতে পারে।
চতুর্থত, শসার বাইরের আবরণে প্রাকৃতিকভাবে মোমের মতো একটি বিশেষ স্তর থাকে, যা ভেতরের অংশকে সুরক্ষা দেয় এবং দীর্ঘ সময় আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কিন্তু শসা ছিলে বা কেটে ফেললে সেই প্রাকৃতিক সুরক্ষার স্তরটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এছাড়া কাটা শসা খোলা বাতাসে বেশিক্ষণ রাখলে তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটার ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। তাই যেকোনো ফল ও সবজির ক্ষেত্রে কাটার তাৎক্ষণিক সুবিধা পাওয়ার চেয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন