সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে আছে বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ১২:৫৭ পিএম

সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে আছে বলে মন্তব্য শুভেন্দু অধিকারীর

সীমান্ত এলাকা পরিদর্শন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে রয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সামান্য অসতর্ক হলেই তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রোববার দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণের পর সীমান্তবর্তী বিএসএফ ক্যাম্প পরিদর্শনে যান তিনি। সেখানে দায়িত্ব পালনরত জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন এবং একটি স্পিডবোটে চড়ে ইছামতি নদী ও সংলগ্ন সীমান্ত এলাকা ঘুরে দেখেন।

সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুরবিন দিয়ে তিনি সীমান্তের ওপারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাৎক্ষণিকভাবে দৃশ্যমান কোনো তৎপরতা চোখে না পড়লেও বাংলাদেশিরা সুযোগের অপেক্ষায় রয়েছে বলে তার ধারণা। বিএসএফের নজরদারিতে সামান্য ঘাটতি দেখা দিলেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা হতে পারে বলে মন্তব্য করেন তিনি। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং রাজ্যে অনুপ্রবেশকারীদের কোনো স্থান দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান জানান।

মুখ্যমন্ত্রীর দাবি, বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ যৌথভাবে ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত করার বিষয়ে প্রশাসনের কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে। সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালনকারী সদস্যদের কাজের স্বীকৃতি দিতে নতুন সম্মাননা চালুর ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী বছর থেকে বিএসএফ, সশস্ত্র সীমা বল এবং পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যদের জন্য ‘সীমামিত্র সম্মান’ নামে এ পুরস্কার দেওয়া হবে।

সীমান্ত রক্ষায় বিশেষ অবদান রাখা সদস্যদের এ সম্মাননার জন্য নির্বাচিত করা হবে এবং তা নির্ধারণ করবে একটি নির্বাচক কমিটি। তবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও কেন্দ্রীয় সরকারের।

কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার পরও ত্রিপুরায় কীভাবে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে। সেখানে বিজেপির সরকার থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটলে এর দায় কার এবং শুধু পশ্চিমবঙ্গকে দায়ী করা কতটা যুক্তিসংগত, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি তিনি জানান, সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বিএসএফ সদস্যদের প্রতি সব সময় সম্মান দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।