অক্টোবর ৩০, ২০২৬, ০৩:৪৭ পিএম
পশ্চিমবঙ্গে গোহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না। রায়গঞ্জের এক রাজনৈতিক জনসভায় তিনি এই ঘোষণা দেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গরুর সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম রাজনৈতিক ও সামাজিক অগ্রাধিকার। তিনি স্পষ্ট করে জানান, এর ওপর কোনো ধরনের আঘাত মেনে নেওয়া হবে না।
জনসভায় তিনি বলেন, "গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।"
সীমান্তবর্তী অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অবকাঠামোগত নানা বিষয় নিয়েও রাজনৈতিক বক্তব্য দেন এই বিজেপি নেতা।
তিনি দাবি করেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী অপতৎপরতা প্রতিহত করতে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে তথাকথিত অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষা ও প্রশাসনিক নজরদারি জোরদার করার তাগিদ দেন তিনি।
একই সঙ্গে তথাকথিত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জোর দেন তিনি।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের দ্রুত ভারতীয় নাগরিকত্ব প্রদানের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া ত্বরান্বিত করার পক্ষে তাদের রাজনৈতিক দল কাজ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন