শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
উচ্চমাধ্যমিক পরীক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার যেভাবে জানা যাবে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ০৩:৩৪ পিএম

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার যেভাবে জানা যাবে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে। শনিবার সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উদ্বোধনের পরপরই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

অনলাইনে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে শিক্ষার্থীরা ফল সংগ্রহ করতে পারবেন।

মোবাইল ফোনের যেকোনো অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়েও দ্রুত ফলাফল জানা যাবে।

গত ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের স্থগিত পরীক্ষা পরবর্তীতে নেওয়া হয়। ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয় ১৫ আগস্টের মধ্যে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।

মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। ছাত্রদের তুলনায় এবার ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী অংশ নিয়েছেন। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, যেখানে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন।

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ থাকছে। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে। এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হয়েছে।