শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ০২:৫৬ পিএম

রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে ২০২৭ সালের পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। প্রাথমিক এই পূর্বাভাস অনুযায়ী আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ মার্চ। তবে ধর্মীয় রীতি অনুযায়ী প্রতিটি দিবসের চূড়ান্ত সময় চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের প্রকাশিত সম্ভাব্য ধর্মীয় দিনপঞ্জি অনুসারে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হওয়ার কথা রয়েছে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে এই ক্যালেন্ডারে ৯ মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

ক্যালেন্ডারের তথ্যমতে, ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন অর্থাৎ ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

বছরজুড়ে থাকা অন্যান্য ধর্মীয় দিবসের মধ্যে ৪ ও ৫ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ, ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত এবং ১৫ জুন পবিত্র আশুরা পালনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালিত হতে পারে ১৪ ও ১৫ আগস্ট।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনেও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে।

গালফ নিউজের পূর্বাভাসেও ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

এই হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ধর্মপ্রাণ ব্যক্তিরা রাতে প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন। এরপর শেষ রাতে সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক রোজা পালন শুরু হবে।

ঈদুল ফিতরের ক্ষেত্রে গালফ নিউজের পূর্বাভাসে ১০ মার্চ বুধবারকে সম্ভাব্য দিন হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের দিনপঞ্জিতে এই উৎসবের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৯ মার্চ।

রমজান শুরুর পূর্বাভাসে উভয় পক্ষ একমত হলেও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখে এক দিনের এই পার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, হিজরি সনের প্রতিটি মাসের শুরু ও ধর্মীয় দিবসের চূড়ান্ত ক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় সুনির্দিষ্ট তারিখে পরিবর্তন আসতে পারে। চাঁদ দেখা সাপেক্ষেই সংশ্লিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটিগুলো আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এর আগে ২০২৬ সালে ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হয়েছিল এবং মাসব্যাপী রোজা পালন শেষে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল।