রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য সূচি প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৬, ০৫:৩৯ পিএম

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য সূচি প্রকাশ

আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস, শবে কদর, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ প্রধান প্রধান ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্মের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘোষিত ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০২৭ সালে পবিত্র মাহে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি।

এক মাস সিয়াম সাধনার পর ৯ মার্চ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রমজানের অন্যতম মহিমান্বিত রাত লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে ৫ মার্চ দিবাগত রাতে।

বর্ষপঞ্জি অনুসারে, ২০২৭ সালের ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত মোট তিন দিনব্যাপী। এর আগের দিন অর্থাৎ ১৫ মে পালিত হবে পবিত্র হজ বা আরাফাতের দিন।

হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে রয়েছে জানুয়ারির ৪ ও ৫ তারিখের দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ এবং ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।

পরবর্তীতে ১৫ জুন আশুরা এবং ১৪ ও ১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের দিন ধার্য করা হয়েছে। একই বর্ষপঞ্জিতে ২০২৭ সালের ২৪ ও ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখের উল্লেখ রয়েছে।

কাজাখস্তানের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব ধর্মীয় উৎসব ও নির্ধারিত দিবসের সময়সূচি একদিন আগে বা পরে পরিবর্তিত হতে পারে।

চলতি ২০২৬ সালে পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ মার্চ শেষ হয়েছিল এবং পরদিন ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের বরাতে ১৪৪৮ হিজরির রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য দিনক্ষণের তথ্য প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রোজা শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সে হিসেবে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় পশ্চিমাকাশে রমজান মাসের নতুন চাঁদের অনুসন্ধান করা হবে। ওই সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা গেলে মুসল্লিরা প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং শেষরাতে সেহরি খেয়ে সোমবার রোজা শুরু করবেন।

অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের সমান্তরাল গাণিতিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার পূর্বাভাসও রয়েছে। তবে অন্যান্য ইসলামিক দিবসের মতোই এটি চাঁদ দেখার ওপর চূড়ান্তভাবে নির্ভর করবে।