রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় থানায় মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৬, ০৪:৫৫ পিএম

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় থানায় মামলা

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে কণ্ঠশিল্পী নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরাধীকে শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক পৌনে পাঁচটার দিকে আসিফ আকবর তার অফিসকক্ষে অবস্থান করছিলেন।

এ সময় ভবনের নিচতলা থেকে বিকট একটি শব্দ শুনতে পান তিনি। শব্দ শুনে তিনি দ্রুত ভবনের নিচতলার গাড়ি পার্কিং স্থানে নেমে গিয়ে নিজের ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা অবস্থায় দেখতে পান।

ঘটনার আকস্মিকতা বুঝতে পেরে তিনি পুনরায় অফিসে ফিরে নিজস্ব সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজ পর্যবেক্ষণ করেন। ফুটেজে দেখা যায়, মগবাজার থেকে ওয়্যারলেসগামী উড়ালসড়কের নিচের সড়ক ধরে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে এক ব্যক্তি এসে ‍‍`বিশাল সেন্টার‍‍`-এর গাড়ি পার্কিং এলাকায় ঢোকেন। এরপর ওই ব্যক্তি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি চালান। গুলি ছুড়েই হামলাকারী দ্রুত পুনরায় অটোরিকশায় উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাটি জানার পর হাতিরঝিল থানা-পুলিশের একটি দল দ্রুত অকুস্থলে পৌঁছে আলামত হিসেবে গুলির খোসা উদ্ধার করে।

এ ঘটনায় গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হওয়ায় আনুমানিক ২০ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

হামলাকারীকে শনাক্ত করার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনাস্থল এবং সংলগ্ন বিভিন্ন স্থাপনা থেকে সংগৃহীত ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি জানান, ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান বা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জিত হয়নি।