রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন

জাহিদ হাসান

অক্টোবর ২৫, ২০২৬, ০৬:০৫ পিএম

বীরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বীরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় বীরগঞ্জ সরকারি কলেজ রোডের গোলাপগঞ্জ মোড়ে অবস্থিত কার্যালয়টিতে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। কার্যালয় উদ্বোধন উপলক্ষে সেখানে একটি বিশেষ দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু। অনুষ্ঠানে ইউনিয়নের সাংগঠনিক কাঠামোর নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. কাজল এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম। এছাড়া সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ সদস্য উদ্বোধনী পর্বে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা তৃণমূল পর্যায়ের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

তারা উল্লেখ করেন, বীরগঞ্জের নির্মাণ শ্রমিকদের সার্বিক কল্যাণসাধন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা এবং সাংগঠনিক ঐক্যের মেলবন্ধন সুদৃঢ় করতে এই স্থায়ী কার্যালয়টি একটি কার্যকর কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।