অক্টোবর ২৫, ২০২৬, ০২:৪৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে ‘বিপন্ন মানবতার পাশে’ স্লোগানকে ধারণ করে সমাজসেবক আজমল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৪ জন প্রতিবন্ধী উপকারভোগীর হাতে চলাচলের সহায়ক নতুন হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
পৌর প্রেসক্লাবের সভাপতি মো. মীর কাশেম লালুর সভাপতিত্বে এবং মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস এবং উপজেলা কৃষক দলের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার ফজলে আলম শাহীন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, বিশিষ্ট ঠিকাদার মো. মামুনুর রশিদ মামুন এবং বীরগঞ্জ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আজমল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মেহেদী হাসান সজল।
স্মৃতিচারণ পর্বে বক্তারা বিপন্ন মানবতার সেবক হিসেবে প্রয়াত আজমল হকের জনকল্যাণমূলক কর্মকাণ্ড শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় মানবসেবার বিস্তার ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমিরুল বাহার বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক ও মানবিক দায়িত্ব।
তিনি আরও উল্লেখ করেন, আজমল হক ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্যোগ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাত্যহিক চলাচল সহজ করার পাশাপাশি তাঁদের স্বাভাবিক জীবনযাত্রায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।
উপস্থিত অতিথিরা প্রয়াত আজমল হকের আদর্শ ও স্মৃতিকে ধারণ করে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। চলাচলের নতুন হুইলচেয়ার হাতে পেয়ে উপকারভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন