অক্টোবর ২৫, ২০২৬, ০২:১৬ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় পূর্ণভবা নদী পারাপারের সময় নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া আফজাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নদীর তলদেশে প্রায় আড়াই ঘণ্টার টানা তল্লাশি অভিযান চালিয়ে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিরল উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের বুজরুক বসন্তপুর মাদ্রাসা সংলগ্ন পূর্ণভবা নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। নদীটির এই নির্দিষ্ট অংশটি দিনাজপুর সদর ও বিরল উপজেলার সীমান্তবর্তী সংযোগস্থলে অবস্থিত।
নিহত আফজাল হোসেন বিরল উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত গেদু মোহাম্মদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সাধারণ যাত্রীদের সাথে একটি নৌকায় চড়ে নদী পার হচ্ছিলেন আফজাল। নৌকার মাঝামাঝি নদী অতিক্রম করার সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীর গভীর পানিতে পড়ে নিখোঁজ হন। সাথে সাথে নৌকার অন্য যাত্রী ও পাড়ের স্থানীয় লোকজন নদীতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। তবে পানির তীব্র স্রোত ও গভীরতার কারণে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান মেলাতে না পেরে অবশেষে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি চৌকস ডুবুরি দল সরঞ্জামসহ ঘটনাস্থলে পৌঁছায় এবং নদীতে উদ্ধার অভিযান শুরু করে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি নদীতে পড়ে তলিয়ে গেছেন এমন সংবাদ পাওয়ার পরপরই ডুবুরি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে রওয়ানা হন। কয়েক ঘণ্টার সমন্বিত ও নিবিড় চেষ্টার পর দুপুর ১২টার দিকে নদী থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, অতীতে এ ধরনের কোনো নৌ দুর্ঘটনা ঘটলে বা কেউ পানিতে ডুবে গেলে উদ্ধার তৎপরতার জন্য সুদূর রংপুর থেকে ডুবুরি দল আসার অপেক্ষায় থাকতে হতো। রংপুর থেকে দল পৌঁছাতেই কয়েক ঘণ্টা পেরিয়ে যেত এবং উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে বিলম্বিত হতো। তবে বর্তমানে দিনাজপুর জেলা সদরেই ফায়ার সার্ভিসের নিজস্ব প্রশিক্ষিত ডুবুরি দল থাকায় তারা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন