রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,
মাদকবিরোধী অভিযান

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ জব্দ

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২৫, ২০২৬, ১১:০০ এএম

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ জব্দ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং দেশীয় অবৈধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। ফুলবাড়ী ব্যাটালিয়ন বা ২৯ বিজিবির অধীনস্থ বিওপির টহল দলগুলো এই সফল অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রায় দুই লাখ নয়শত টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে জোরালো নজরদারি চালানো হয়। এর অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীনস্থ মনিপুর বিওপি, বিরামপুর বিওপি এবং তাজপুর বিওপির টহল দলগুলো বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে পৃথক তিনটি সফল অভিযান চালায়।

অভিযান চলাকালে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এক হাজার ৬০০ পিস ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাবলেট এবং ৪৮৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য বা সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ নয়শত টাকা।

সীমান্ত সুরক্ষায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে সব ধরনের মাদক প্রবেশ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চোরাচালানি মালামাল জব্দ এবং এর সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বাহিনীটি।