অক্টোবর ২৫, ২০২৬, ১১:০৪ এএম
টানা ৩৯ দিনের দীর্ঘ অবকাশকালীন ছুটি ও সরকারি ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ। রোববার (২৫ অক্টোবর) থেকে দেশের সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। কার্যদিবসের প্রথম দিনে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে প্রথাগত সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
আইনজীবীদের সঙ্গে এই আনুষ্ঠানিক সাক্ষাতের কারণে আপিল বিভাগের এক নম্বর কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম আজ বন্ধ থাকবে।
হাইকোর্ট বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী আজ থেকে এই পুনর্গঠিত বেঞ্চগুলোতে আনুষ্ঠানিকভাবে মামলা শুনানি ও বিচারিক কাজ পরিচালিত হবে।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে ওই দীর্ঘ ছুটির সময়েও জরুরি মামলার শুনানির জন্য নির্দিষ্ট অবকাশকালীন বেঞ্চগুলোতে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন