রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর: দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার মামলায় আদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ০৫:২১ পিএম

এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর: দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার মামলায় আদেশ

ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আপসের শর্তে জামিন চাওয়া হয়। আসামিপক্ষে আইনজীবী মাহবুবুর রহমান শুনানিতে আপসের শর্ত তুলে ধরে সংসদ সদস্যের জামিন প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এই জামিন আবেদনের তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত জামিন নামঞ্জুর করার সিদ্ধান্ত নেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং ওবায়দুর রহমানসহ তিনজনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের পর গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়। পরে ২৩ সেপ্টেম্বর অপর আসামি ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়।

চার দিনের রিমান্ড শেষে গত ২৪ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরবর্তীতে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার একটি আদালত তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে জামিন দেন।