বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

হত্যা মামলায় ফের গ্রেপ্তার তৌহিদ আফ্রিদির বাবা সাথী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০৫:২৬ পিএম

হত্যা মামলায় ফের গ্রেপ্তার তৌহিদ আফ্রিদির বাবা সাথী

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। নাসির উদ্দিন সাথী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গত ১৩ অক্টোবর নাসির উদ্দিন সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করায় বৃহস্পতিবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।

রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নিজের মালিকানাধীন টেলিভিশন চ্যানেলে ছাত্র-জনতার আন্দোলনের প্রকৃত খবর প্রচার না করে ভিন্ন বিষয় তুলে ধরেন নাসির উদ্দিন সাথী। তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে উল্লেখ করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জোরালো আবেদন জানানো হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এই আবেদনের তীব্র বিরোধিতা করেন।

তিনি আদালতকে জানান, নাসির উদ্দিন সাথী ২০২৫ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। এক বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে থাকলেও এতদিন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া তিনি শারীরিকভাবে অসুস্থ বলেও উল্লেখ করেন আইনজীবী।

সব দিক বিবেচনায় নিয়ে তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর আবেদন জানায় আসামিপক্ষ। উভয় পক্ষের শুনানি গ্রহণ শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান। দুপুরের দিকে সেখানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার আইনজীবীর দেওয়া তথ্যমতে, এ নিয়ে এখন পর্যন্ত পৃথক পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।