অক্টোবর ১৫, ২০২৬, ০৪:৫২ পিএম
সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রিয়াদের পক্ষ থেকে তোলা এই দাবিকে সরাসরি মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছে গোষ্ঠীটি।
এর আগে সৌদি আরব দাবি করে, পবিত্র মদিনা নগরীর দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। তবে ঠিক কীভাবে বা কোথা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটি। সৌদি দাবির পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় হুথি নেতৃত্ব।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দেন। সেখানে তিনি পরিষ্কার জানান, ওই দিন সৌদি আরবের কোনো ভূখণ্ড লক্ষ্য করেই তাদের বাহিনী কোনো সামরিক অভিযান পরিচালনা করেনি।
সৌদি দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি নির্লজ্জ ও প্রকাশ্য মিথ্যাচার।’ পাল্টাপাল্টি এই বক্তব্যকে ঘিরে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও উত্তেজনার পারদ আবারও নতুন করে আলোচনায় এলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন