বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

সুপ্রিম কোর্টের নোটিশ মোদি সরকার ও নির্বাচন কমিশনকে: জবাব চাইলেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ০২:৩৯ পিএম

সুপ্রিম কোর্টের নোটিশ মোদি সরকার ও নির্বাচন কমিশনকে: জবাব চাইলেন আদালত

ছবি: সংগৃহীত

নতুন দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বৈধতা নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা তলব করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যন্তর মন্তরকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার প্রশাসনিক পদক্ষেপকে চ্যালেঞ্জ করে দায়ের করা কয়েকটি আবেদনের শুনানিতে শীর্ষ আদালত এ নির্দেশ দেন।

আদালত স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্র সরকার ও দিল্লি পুলিশের কাছে নোটিশ পাঠিয়ে জবাব চাওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর সন্তুষ্ট না হলে আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে একই দিনে ভারতের নির্বাচন কমিশন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ রিট আবেদনেও নোটিশ জারি করেছেন সর্বোচ্চ আদালত। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দলগুলোর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশির কাছে এই বিষয়ে সুনির্দিষ্ট জবাব তলব করেছেন আদালত। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও আনুষ্ঠানিকভাবে এই নোটিশের আওতায় আনা হয়েছে।