অক্টোবর ১৫, ২০২৬, ০৩:১৪ পিএম
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারীতে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আধুনিক স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং নীলফামারী জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মাছুম আলী সভাপতিত্ব করেন। এতে জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী।
অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. শাহ্ আরেফিন বক্তব্য দেন। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন জাকারিয়া।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন।
দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ পথচলা, স্বাবলম্বী হওয়া এবং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্তির জন্য সাদাছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে আলোচনায় উল্লেখ করেন বক্তারা। তাদের মতে, আধুনিক প্রযুক্তির স্মার্ট সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধীদের দৈনন্দিন চলাচলকে বহুলাংশে সহজ ও নিরাপদ করে তুলতে পারে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার রক্ষা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ তৈরিতে সম্মিলিত সামাজিক উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানে জেলা প্রবেশন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং দ্বীপ্তমান মানব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে আধুনিক স্মার্ট সাদাছড়ি তুলে দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন