অক্টোবর ১৫, ২০২৬, ০২:২৫ পিএম
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যকে ধারণ করে পঞ্চগড়ে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এ উপলক্ষে শোভাযাত্রা, বিশেষ নাটক মঞ্চায়ন ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতীকী উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুপুরে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘সাদাছড়ির গল্প’ শীর্ষক সচেতনতামূলক নাটক। এতে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের দৈনন্দিন পথচলার প্রতিবন্ধকতা, সামাজিক অধিকার এবং তাদের অন্তহীন সম্ভাবনার নানা বাস্তব দিক ফুটিয়ে তোলেন শিল্পীরা। নাটক মঞ্চায়ন শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে সাদাছড়ি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকুরিয়া পারভীন। দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের স্বাধীন ও নিরাপদ চলাচলের জন্য সাদাছড়ি সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ বলে আলোচনায় উল্লেখ করেন বক্তারা। তাদের সামাজিক কাজে অন্তর্ভুক্তি ও স্বাবলম্বী করতে সচেতনতা সৃষ্টির তাগিদ দেন তারা।
বক্তারা আরও জানান, সড়ক পারাপার এবং নির্বিঘ্নে পথ চলার পরিবেশ নিশ্চিত করা সমাজের সব নাগরিকের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন