বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ১২:২৯ পিএম

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

বকেয়া পরিশোধ ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আজমপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এটি তাঁদের টানা তৃতীয় দিনের কর্মসূচি। এর ফলে আজমপুর ও রাজলক্ষ্মী মোড়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। উত্তরা থেকে বিমানবন্দরমুখী লেনে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

মহাসড়কে গণপরিবহন আটকে থাকায় সকাল থেকেই চরম বিপাকে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ ও সাধারণ যাত্রীরা। আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবি তিনটি: বকেয়া বেতন পরিশোধ, সাধারণ মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা। শ্রমিকদের বক্তব্য, বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যের কারণে বর্তমান আয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও সুনির্দিষ্ট কোনো সমাধান মেলেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান করছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। তবে দাবি আদায়ের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন আন্দোলনকারীরা। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দুপুর পর্যন্ত তীব্র যানজট ও যাত্রীদের ভোগান্তি অব্যাহত রয়েছে।