অক্টোবর ১৫, ২০২৬, ০১:০২ পিএম
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিনভর ঢাকার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে এক ভুক্তভোগীকে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আটক হয়েছে মিরপুর ও তেজগাঁও বিভাগে।
পুলিশের দেওয়া বিভাগওয়ারি তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে ২৬৩ জন এবং তেজগাঁও বিভাগে ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওয়ারীতে ৯২, মতিঝিলে ৪৯, গুলশানে ৪২, লালবাগে ৪০, উত্তরায় ৪০ ও রমনা বিভাগে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পরিচালিত অভিযানে পুলিশ ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৪৯ ক্যান বিয়ার জব্দ করে।
এ ছাড়া তল্লাশি চালিয়ে একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধমূলক তৎপরতা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন