বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
উৎসব ও নিরাপত্তা

দেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ১১:৪৯ এএম

দেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব

বোধনের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেবীর অকালবোধনের মাধ্যমে নিদ্রিত দেবীকে জাগ্রত করার শাস্ত্রীয় আচার সম্পন্ন হয়েছে। শুক্রবার মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে দেবীর মূল পূজার্চনা শুরু হবে। সনাতন পঞ্জিকা অনুযায়ী এবার মহাসপ্তমীর তিথি পড়েছে দুই দিন। ফলে চিরাচরিত পাঁচ দিনের বদলে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে টানা ছয় দিনব্যাপী।

উৎসবের নিরাপত্তায় দেশজুড়ে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে পুলিশ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী শনিবার মহাসপ্তমী এবং রোববার মহাসপ্তমীর অধিক পূজা অনুষ্ঠিত হবে। এরপর সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই উৎসবের।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দেওয়া হিসাব অনুসারে, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই সংখ্যা গত বছরের তুলনায় ৪৯৬টি বেশি। তবে রাজধানী ঢাকায় সড়কের ওপর মণ্ডপ তৈরির অনুমতি না থাকায় ঢাকা মহানগরে মণ্ডপের সংখ্যা তিনটি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।

উৎসব ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো খবরে প্রতিক্রিয়া বা শেয়ার দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণযন্ত্র স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবকদের জন্য নির্দিষ্ট পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও বিশেষ আর্মব্যান্ড নিশ্চিত করতে হবে আয়োজকদের।

আজান ও নামাজের সময় মণ্ডপ ও প্রতিমা বিসর্জনের পথে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের পটকা ও আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিসর্জনের ক্ষেত্রে আয়োজকদের নির্ধারিত পথ অনুসরণ করতে বলা হয়েছে।

জরুরি সহায়তায় বেশ কয়েকটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে:

পুলিশ সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০।
ঢাকা মহানগর পুলিশ: ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০।
ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯।