অক্টোবর ১৫, ২০২৬, ১২:০৮ পিএম
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের দির কলোনি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধসে পড়া ছাদের কংক্রিটের নিচে বহু শিক্ষার্থী ও স্কুলের কর্মীরা আটকা পড়েন।
লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ ১৬ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার পর আহত অবস্থায় অন্তত ২০ শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বের করে আনতে বড় আকারের উদ্ধার অভিযান চলছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল যৌথভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। ভেতরে আটকে থাকা বাকি শিশু ও স্কুলকর্মীদের জীবিত উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন