অক্টোবর ১৫, ২০২৬, ০৯:৪৭ এএম
রণক্ষেত্রে সামরিক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম স্টারলিংক স্যাটেলাইটে হঠাৎ বিধিনিষেধ আসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
লন্ডন সফরে থাকা জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠকের আগে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ ঝাড়েন। তার অভিযোগ, কিয়েভকে কোনো পূর্বসতর্কতা না দিয়েই মাঝরাতে এই যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চার বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের মাঝে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত ইউক্রেনকে ফেলে দিয়েছে ঘোর অনিশ্চয়তায়।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্ট জানান, ট্রাম্পের এই সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাসঘাতকতার শিকার বোধ করছেন। তিনি বলেন, এর পরিণতিতে রণক্ষেত্রে আরও বহু মানুষের প্রাণ যাবে। দুঃখজনকভাবে কিয়েভ একজন শক্তিশালী কৌশলগত অংশীদারকে হারাচ্ছে।
বুধবার রাতে কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়েই ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিতে সচল থাকা টার্মিনালগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর সরাসরি ধাক্কা এসে পড়েছে সম্মুখসারির পেছনে থাকা রুশ ঘাঁটিতে ইউক্রেনীয় ড্রোন হামলার ওপর। এমনকি রাশিয়ার জেটচালিত বিধ্বংসী ড্রোন ঠেকাতে কিয়েভের সবচেয়ে কার্যকর আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও অচল হয়ে পড়েছে।
অন্যদিকে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, স্টারলিংকের গতি বা ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত তিনি নেননি। সামরিক কাজে ব্যবহৃত স্টারশিল্ড ব্যবস্থাটি যুক্তরাষ্ট্র সরকারের মালিকানাধীন এবং পরিচালিত। এর গতি বা ব্যবহারের সীমা নির্ধারণের চূড়ান্ত এখতিয়ার কেবল মার্কিন সামরিক বাহিনী এবং প্রেসিডেন্টের হাতেই রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের সামরিক প্রযুক্তি উপদেষ্টা সেরহি বেসক্রেস্তনভ জানান, আগাম সতর্কতা ছাড়া মাঝরাতে যোগাযোগ বন্ধ করায় বেশ কয়েকটি পরিকল্পিত অভিযান পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, গ্রীষ্মের শুরুতে রাশিয়া তাদের শাহেদ ড্রোনের ইঞ্জিন উন্নত করার পর সেগুলো ধ্বংসের হার ৯০ শতাংশ থেকে নেমে ৬০ শতাংশে দাঁড়িয়েছিল। এখন স্টারলিংকের গতি সীমিত করায় আকাশ প্রতিরক্ষার সেই অবশিষ্ট সুযোগটুকুও হাতছাড়া হচ্ছে। তবে রাশিয়ার ভূখণ্ডের তেল শোধনাগারে হামলার ক্ষেত্রে স্টারলিংক ব্যবহারের ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা থাকায় সেটিতে নতুন প্রভাব পড়বে না।
লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বার্নহাম ও জেলেনস্কির মধ্যে এক ঘণ্টার বেশি সময় বৈঠক হয়। বার্নহাম জানান, ইউক্রেনকে খালি হাতে ফেরানো হবে না এবং বিমান হামলা প্রতিহত করতে ব্রিটিশ হালকা ক্ষেপণাস্ত্র দ্রুত সরবরাহ করা হবে। ক্ষতিগ্রস্ত চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের প্রতিরক্ষামূলক ছাদ মেরামতে ১ কোটি ৭০ লাখ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাজ্য।
এদিকে মঙ্গলবার রাতে কিয়েভ ও খারকিভের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৩৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২০টি আক্রমণকারী ড্রোন ছুড়েছে মস্কো। এতে পাঁচটি বড় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিধ্বস্ত হয়েছে এবং অন্তত ছয় লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ট্রাম্প সম্প্রতি একতরফাভাবে জ্বালানি যুদ্ধবিরতির কথা বললেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি করেছেন, সেই যুদ্ধবিরতির সুনির্দিষ্ট কোনো শর্ত নির্ধারিত হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন