অক্টোবর ১১, ২০২৬, ১০:৩৮ পিএম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর এবার রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা বা রেড অ্যালার্ট ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে গোটা নগরীতে ১৪৪ ধারা কার্যকর করে জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে জানা গেছে, রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে চূড়ান্ত সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ১৪৪ ধারা অমান্য করলে সরাসরি গ্রেপ্তারের নির্দেশ কার্যকর রয়েছে।
শহরের স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত ‘রেড জোনে’ সাধারণ মানুষের অবাধ প্রবেশ সম্পূর্ণ সীমিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক স্থাপনার নিরাপত্তায় পুলিশ বাহিনীর পাশাপাশি আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
রাজধানীর প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে। সব পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। নগরীর কোথাও কোনো ব্যানার প্রদর্শন বা জমায়েত দেখা মাত্রই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পরপরই ইসলামাবাদে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলেও রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারির সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন