বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বার্তা

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ১১:২৬ এএম

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বার্তা

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাস্তবমুখী অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন। একই সঙ্গে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন উভয় দেশের প্রতিনিধিরা। 

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই অবস্থান তুলে ধরা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক রূপান্তর ও সামাজিক অগ্রগতিতে চীনের অর্জন বিশ্বমঞ্চে উন্নয়নশীল দেশগুলোর জন্য এক অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত।

তিনি উল্লেখ করেন, চীনের সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। বিশেষ করে অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখতে পারস্পরিক অংশীদারত্ব আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকার চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন জানান, দুই দেশের শীর্ষ পর্যায়ের দূরদর্শী দিকনির্দেশনায় ঢাকা-বেইজিং কূটনৈতিক সম্পর্ক এক ইতিবাচক ধাপে উন্নীত হয়েছে।

তিনি বলেন, নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের যৌথ সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে দুই দেশের ধারাবাহিক উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের টেকসই অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেছে। চীন সবসময় বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বাস্তবভিত্তিক সহযোগিতার পরিধি আরও গভীর করতে বেইজিং পুরোপুরি প্রস্তুত।