রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩ দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৬, ১০:২৪ এএম

৩ দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী

চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে তিন দিনের সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এই খবর নিশ্চিত করেছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

নির্ধারিত সূচি অনুযায়ী ৫ থেকে ৭ মে পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এই সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমানের প্রথম চীন সফর। কূটনৈতিক মহল এই সফরকে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

এর আগে গত ২০ এপ্রিল চীন সফর করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও বেইজিং সফর করে। এসব ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবেই পররাষ্ট্রমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে।