নভেম্বর ১১, ২০২৬, ১০:৪১ এএম
রাজধানী ঢাকা সহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আশঙ্কার কথা জানিয়েছেন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ ও বৃষ্টির খবর পাওয়া গেছে।
গবেষকের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা এবং গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে এই বৃষ্টি হতে পারে। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ভোরের আলো ফোটার আগেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ভোর পৌনে ছয়টা থেকে সকাল সোয়া ছয়টা পর্যন্ত টানা আধঘণ্টারও বেশি সময় ধরে এই বৃষ্টি হয়। এ সময় রাজধানীর নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পাশাপাশি প্রবল বজ্রপাত ও বিজলি চমকাতে দেখা যায়।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির এই সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল সাড়ে ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে ৯০ শতাংশ এবং উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে হালকা বাতাস বয়ে যাচ্ছে। বিকেল পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকতে পারে এবং সন্ধ্যার দিকেও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এর মধ্য দিয়ে প্রকৃতিতে শীতের আমেজ বাড়তে শুরু করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন