নভেম্বর ১১, ২০২৬, ১০:০৫ এএম
একসময় ফুটবল মাঠে পায়ের জাদুতে কোটি ভক্তকে মুগ্ধ করলেও চোটের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে নিজের সেরা ছন্দ হারিয়েছেন নেইমার জুনিয়র। যে কারণে এবার পেশাদার ফুটবলকে বিদায় জানানোর কথাও গুরুত্বের সঙ্গে ভাবছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজের চেনা ছন্দে ফিরতে না পারার হতাশা নেইমারকে অবসরের চিন্তা করতে বাধ্য করছে। বার্সেলোনা ও পিএসজির এই সাবেক ফরোয়ার্ড সম্প্রতি কিংস লিগ টুর্নামেন্টে ব্রাজিলের কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে এক আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন।
৩৪ বছর বয়সী এই তারকা আলাপে জানিয়েছিলেন, কিংস লিগে খেলতে চান এবং ২০৩০ সাল পর্যন্ত ফুটবল চালিয়ে যাওয়ার একটি পরিকল্পনাও তার মনে রয়েছে। তখন গুয়েদেস মনে করিয়ে দেন যে, ২০৩০ সালে নেইমারের বয়স হবে উনচল্লিশ বছর। অর্থাৎ তার সামনে আরও পাঁচ থেকে ছয় বছর খেলার সুযোগ থাকতে পারে।
কিন্তু নেইমারের সাফ জবাব ছিল, ‘না, আমি পারব না।’ এরপর গুয়েদেস অবাক হয়ে আবারও একই কথা জানতে চাইলে নেইমারের সংক্ষিপ্ত অথচ নাড়া দেওয়া উত্তর ছিল— ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’
বারবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া এবং মাঠে ফেরার পর আবারও চোট পাওয়ার আশঙ্কা নেইমারের মানসিক ও শারীরিক দুই অবস্থাতেই গভীর প্রভাব ফেলেছে। ফলে অবসর এখন আর কেবল দূরের কোনো ভাবনা নয়, বরং একটি বাস্তব সম্ভাবনা হিসেবেই বিবেচনা করছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেললেও, দীর্ঘদিনের চোটজর্জর এই ক্যারিয়ার শেষ পর্যন্ত আর কতদূর এগোবে— সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি নেইমার জুনিয়র।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন