নভেম্বর ১১, ২০২৬, ০৮:১৭ এএম
আসন্ন ভারত সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে স্কোয়াডে ফিরেছেন রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে এবং টম ব্লান্ডেলের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে একটি প্রমোশনাল শ্যুটের সময় ডান কাঁধে চোট পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। এর ফলে সাদা বলের পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি।
অন্যদিকে, প্রথম ওয়ানডে ম্যাচের আগে কনকাশনে আক্রান্ত হয়ে পুনর্বাসনে ছিলেন ডেভন কনওয়ে। আর টম ব্লান্ডেল ছিটকে গিয়েছিলেন কোয়াড্রিসেপের চোটের কারণে। এই তিনজনই এখন সম্পূর্ণ সুস্থ হয়ে লাল বলের ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজজয়ী দল থেকে বাদ পড়েছেন বেন সিয়ার্স, জাক ফোকস এবং উইল ও`রৌরকে। এছাড়া ওই সিরিজের মাঝপথেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কেন উইলিয়ামসন।
টম লাথামের নেতৃত্বাধীন এই দলে আরও ফিরেছেন পেসার জ্যাকব ডাফি। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই পেসার দলে জায়গা করে নিয়েছেন। আগামী ১৬ নভেম্বর থেকে দলের সঙ্গে কাজ শুরু করবেন নতুন ব্যাটিং কোচ বি এল ওয়াটলিং। তার মেয়াদ শুরু হচ্ছে এই টেস্ট সিরিজ দিয়েই। প্রধান কোচ রব ওয়ল্টার জানিয়েছেন, ঘরের মাঠে নিজেদের চেনা পরিবেশে এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটের একটি রোমাঞ্চকর গ্রীষ্ম শুরু হতে যাচ্ছে।
চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজ খেলবে তারা। এরপর ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে আরও একটি দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে কিউইরা। মার্চ মাস পর্যন্ত মোট দশটি টেস্ট ম্যাচ সূচিতে থাকায় ব্যস্ত সময় পার করতে হবে লাল বলের ক্রিকেটারদের।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন